সারা বাংলা

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নারীর নাম রানী আক্তার (৪০)। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। তার স্বামী-সন্তানসহ পরিবারের আরো আটজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯ জন দগ্ধ হন।

নিহতের পরিবারের সদস্য মকবুল হোসেন বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকেলে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রানী আক্তারের মৃত্যু হয়। পরিবারের বাকি সদস্যদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মো. আসফাকুল আসিফ বলেন, “দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে।”