নড়াইলের কালিয়ায় গাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় থাকা সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার রাত ১১টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকার সালেহা বেগমের বাড়ির পাশ থেকে ব্যাগটি উদ্ধার হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “উদ্ধার করা বস্তুুটি প্রকৃত পক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে সেটাও তদন্ত করা হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছোট কালিয়ার সালেহা বেগম নামে এক নারীর বাড়ির পাশে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে।