গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার নিশিতলায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো— মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফসান রাফি (১৬) ও শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে অনুজ মজুমদার (১৬)। তারা দুজন বন্ধু ছিল। এ বছর মুকসুদপুরের এস জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তাদের।
ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পারিবারিক কাজে বন্ধু অনুজ মজুমদারকে নিয়ে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে নিশিতলার দিকে যাচ্ছিল রাফসান রাফি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলকে মুখোমুখী ধাক্কা দেয়। এতে রাফসান রাফি ও অনুজ মজুমদার গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার প্রথমে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাফসান রাফি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ মজুমদার মারা যায়।