কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুন লেগে দুটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতর ঘুমন্ত তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে ঘটনাটি ঘটে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসত ঘরে আগুন লাগে। অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আবু তুরাবের নাতি তৌহিদুল ইসলাম দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, তৌহিদুল ইসলামের শরীরের ৬০ ভাগ অংশ পুড়ে গেছে।
অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বলেন, “শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আমরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।”
তিনি বলেন, “সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, শিশুটির অবস্থার অবনতি দেখে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।”