সারা বাংলা

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮তলা থেকে পড়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণী মারা গেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভবনটি থেকে পড়ে যান। পরিবারের দাবি, মৌসুমী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

​মারা যাওয়া মৌসুমী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। 

​হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে মৌসুমীকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহতের ভাই ইউসুফ আলী জানান, মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। গত পাঁচদিন ধরে তার অবস্থা আবারো অবনতি হয়। আজ সকালে চিকিৎসার জন্য মা তাকে নিয়ে হাসপাতালে নিয়ে এসেছিলেন। 

​হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল।

​মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “তরুণী ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। হাসপাতাল প্রশাসনের সবাই গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ভিকটিমের কিছু কাগজপত্র ঘেঁটে জানা যায়, তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন।  বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।”