সারা বাংলা

পিটিয়ে শিক্ষকের হাত ভাঙার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে প্রধান শিক্ষক নুরুল আমীন রতন হামলার শিকার হন। এতে তার ডান হাত ভেঙে যায়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এ হামলার অভিযোগ উঠে ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদার ও তার লোকজনের বিরুদ্ধে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন বলেন, “এখনো এ-সংক্রান্ত কোনো চিঠি পাইনি।”