সারা বাংলা

চন্দনাইশে গুলিতে এক ব্যক্তি নিহত, গরু লুট

 চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু চোর চক্রের গুলিতে চন্দন দে (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫ টার দিকে পৌরসভার বদুরপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য জানান।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে গরু চোর চক্র এলাকায় প্রবেশ করে। তারা বিভিন্ন বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করতে থাকে। তারা চন্দনদের গোয়ালেও হানা দেয়। সেখান থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় চন্দন তাদের বাধা দেন। এ সময় চোর চক্রের সদস্যরা তাকে গুলি করে। গুরুত্বর অবস্থায় পরিবারের লোকজন চন্দনকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক চন্দনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ বলেন, “চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা একটি গরু নিয়ে গেছে। একই সময় পাশের আরেকটি গোয়াল থেকে আরো দুটি গরু লুট করে চোর চক্র।”