সারা বাংলা

রাজশাহীতে ট্রলারের ধাক্কায় জেলের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার আধাঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া জেলের নাম ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫)। তিনি মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ধীরেন্দ্রনাথ মন্ডল তার ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত ৮টার দিকে একটি ট্রলার তার নৌকাকে ধাক্কা দেয়। এসময় নৌকা থেকে ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ধীরেন্দ্রনাথ নিখোঁজ ছিলন। খবর পেয়ে স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেন্দ্রনাথের লাশ উদ্ধার হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, ‍“ট্রলারের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে  লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।”