সারা বাংলা

হবিগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের তহবিলের হিসাব নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। গত ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় অন্তত ১০ জন আহত হন। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। 

তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে উত্তেজনা পুনরায় চরমে ওঠে। এরই জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়ায়। এ সময় নারীসহ শতাধিক মানুষ আহত হন। রাত সাড়ে ৮টার দিকে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, “পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। আশা করছি, নতুন করে আর কোনো ঝামেলা হবে না।”