সারা বাংলা

নেত্রকোণায় ডিবির ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

নেত্রকোণার কলমাকান্দায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা ও সামাজিক বিশৃঙ্খলার অভিযোগে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় তার বিরুদ্ধে থানায় তিনটি মামলাও হয়েছে।

বহিষ্কৃত নেতা মামুন মিয়া উপজেলার রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ  ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ বলেন, “দলের শৃঙ্খলা ও রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ রাখতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্র দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।”

এর আগে, গত মঙ্গলবার উপজেলার সীমান্তবর্তী তেরোতোপা এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে গেলে জেলা ডিবির ছয় সদস্য হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা পুলিশ সদস্যদের একটি ঘরে আটকে রেখে তালাবন্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার পর অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে পুলিশ বাদী হয়ে হামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করে। এসব মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তিনটি মামলার প্রতিটিতেই মামুন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।