সারা বাংলা

টেন্ডার ঘিরে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনার চাটমোহরে হাট-বাজার ইজারার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আতিকুর রহমান সাচ্চুকে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চাটমোহর উপজেলা ও পৌর জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এজাহার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের আহ্বানে ২৬ ফেব্রুয়ারি হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন ছিল। বিকেল ৩টায় টেন্ডারের বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।

দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং নির্ধারিত বাক্সে তা জমা দেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এর কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজ শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিবের ওপরও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা তাকে মারধর শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে বিএনপির এক নেতার সহায়তায় হাবিব সেখান থেকে সরে যান। এ ঘটনায় পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেছেন, “মারপিটের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেছেন, “ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছেন, তার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি জানতামও না। আমি ইউএনও সাহেবের কাছে গিয়েছিলাম আমার এলাকার একটি সমস্যা নিয়ে। কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার ওপর হামলা করে। জামায়াত নেতৃবৃন্দ আলোচনা করে মামলা দায়ের করেছেন।”

এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেছেন, “মামলাটি ষড়যন্ত্রমূলক। হামলার সাথে হাট-বাজার ইজারা নেওয়া লোকজন জড়িত, বিএনপির কেউ জড়িত নয়। বরং, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হামলাকারীদের হাত থেকে ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করেছি। জামায়াতের মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এদিকে, বৃহস্পতিবার ঘটনার পরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াতের সেক্রেটারির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। একইসঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান।