সারা বাংলা

ভূমি সেবায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: ভূমিমন্ত্রী

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আবেদন নিষ্পত্তির সময় কমাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, “নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি কর সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সম্পর্কিত কার্যক্রম একই স্থানে দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না এবং দালালের দৌরাত্ম্য কমবে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে—সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।”

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।