স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেছেন, ‘‘আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না।’’
সাবেক উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ বিষয়ে বিএনপি সরকার কী করবে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিৎ ভবিষ্যতের জন্য। আমরা কীভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারব, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, দেশকে কীভাবে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব; সেদিকে ফোকাস দেওয়া উচিৎ। আর দুর্নীতি যারা করবে দুদক দুদকের মতো কাজ করবে।’’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য নিজ নির্বাচনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ইতোমধ্যে সব কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পরিদর্শন টিম ঠাকুরগাঁওয়ে এসেছে।’’
জেলায় মাদক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য জোর দেওয়া হবে বলেও জানান এলজিআরডি মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।