মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোর সফরে এসেছেন ফারজানা শারমিন পুতুল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় তিনি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, ‘‘নারী ও পুরুষের জন্য পৃথক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’’
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়ে তুলতে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, নাটোরের চারটি সংসদীয় আসনের উন্নয়ন সমানভাবে নিশ্চিত করা হবে। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। বিশেষ করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
কৃষকদের ভাগ্যোন্নয়নের মাধ্যমে দেশের কৃষি সমৃদ্ধি অর্জনই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “এই উন্নয়ন কার্যক্রম একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সময় প্রয়োজন। আমি জনগণের সেবক হিসেবে জীবনের বাকি সময় আপনাদের সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন। এ সময় তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।