ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিতে হাসপাতালের অবকাঠামো ও শয্যা সংখ্যা বৃদ্ধি অপরিহার্য।”
তিনি বলেন, “হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে একটি লিফট স্থাপনের বিষয়েও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
একই কর্মস্থলে তিন বছরের বেশি চিকিৎসক কর্মরত থাকার বিধিনিষেধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিষয়টি আমরা দেখছি। দায়িত্ব গ্রহণের মাত্র ১০–১২ দিন হয়েছে। ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।