সারা বাংলা

ছুটিতে দেশে এসে সড়কে ঝরল প্রবাসীর প্রাণ

রাজবাড়ীতে ট্রাকচাপায় জিলাল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জিলাল হোসেন রাজবাড়ী সদর উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড ভবানীপুরের দামেজ উদ্দীনের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জিলাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে ফরিদপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম হোসেন বলেন, “জিলালের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”