গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন দুই সন্তানের মা। প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়েছেন। ওই নারীর দাবি, তার সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ব্যাসপুর দক্ষিণ পাড়া গ্রামের হাবিব শেখের ছেলে আশরাফ শেখের।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে প্রেমিক আশরাফ শেখের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই নারী। তবে, তিনি কোনো সমাধান বা বিয়ের আশ্বাস না পেয়ে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই নারী দাবি করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন আশরাফ শেখ। বিয়ের কথা বললে নানা টালবাহানা করে। তাই, বাধ্য হয়ে প্রমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, “আশরাফ আমার সব শেষ করে দিয়েছে। সে আমাকে বিয়ে না করলে আমি এমন কিছু করব, যাতে সে আর কোনো মেয়ের সাথে এমন কাজ করতে না পারে। সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমি আত্মহত্যা করব। আমার সাথে যা করেছে, তার কঠিনতম শাস্তি দাবি করছি।”
অভিযোগের বিষয়ে জানতে আশরাফ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেছেন, “বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে পারলাম। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”