খুলনায় নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধান গত ১১ দিনেও পায়নি পুলিশ। নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দিয়েছেন মা রোকসানা সোবহান। তবে পুলিশ বলেছে, ওই ব্যবসায়ীকে উদ্ধারে সবধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় পরিবারের পক্ষ খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার নিখোঁজ সুজনকে উদ্ধারে পরিবারকে আশ্বস্ত করেন।
স্মারকলিপিতে মা রোকসানা সোবহান উল্লেখ করেন, ‘‘গত ২১ ফেব্রুয়ারি আমার একমাত্র ছেলে ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তার খোঁজ না পেয়ে সুজনের বাবা কাজী সোবহান স্থানীয় থানায় জিডি করেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে উদ্ধারের জন্য আমরা সহযোগিতা চাই। কিন্তু গত ১১ দিনেও আমার ছেলেকে উদ্ধার করতে পারেনি। ফলে পরিবারের সকলে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ৫ বছরের একমাত্র সন্তান নিয়ে সুজনের স্ত্রীও বাকরুদ্ধ হয়ে পড়েছে।’’
স্মারকলিপিতে আরো বলা হয়, ‘‘২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে আমার ছেলে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে। এমন ছেলে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়াটা রহস্যজনক।’’ তিনি একমাত্র ছেলেকে উদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানের সময় নিজাম উদ্দিন সুজনের স্ত্রী নাবিলা রহমান ও পাঁচ বছরের ছেলে কাজী ইয়ান, আ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী, জাহিদুর রহমান ও খায়রুল হাসানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে সুজনের স্ত্রী নাবিলা রহমান বলেন, ‘‘জেলা প্রশাসক আমাদের আবেদন গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এ ব্যাপারে আলোচনা করবেন এবং আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পাঠানের আশ্বাস দিয়েছেন।’’
এ বিষয়ে খুলনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, জিডির তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। তদন্তে সাব ইন্সপেক্টর জুয়েল রানা কাজ করছেন। তাকে এই কাজে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এটি নিয়ে কাজ করছেন।
নিখোঁজ ব্যবসায়ী সুজনের সন্ধানে আলাদাভাবে কাজ করছে পিবিআই। এই সংস্থার পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ‘‘আমরা সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভালো খবর হলে আপনাদের জানাব।’’
পেট্রোল পাম্প মালিক সমিতির উদ্বেগ ব্যবসায়ী কাজী সোবহানের ছেলে সুজন নিখোঁজ ও তার সন্ধান না পাওয়ায় খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সুজনকে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম, খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবহান, সহ- সাধারণ সম্পাদক গোলম কাদের প্রমুখ।