সারা বাংলা

বিকেএমইএ সভাপতিকে ‌‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এমপিকে অবরুদ্ধ, পরে উদ্ধার

ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। 

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে ঘটনাটি ঘটে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আল আমিন। তিনি শাপলা কলি প্রতীকে এই আসনে বিজয়ী হন।

স্থানীয় সূত্র জানায়, বাংলা‌দেশ জামায়াত ইসলামী পেশাজীবী সংগঠন নারায়ণগঞ্জ পূর্ব থানা আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসব না।” এরপরপরেই হাতেম উঠে যান এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে সংসদ সদস্যকে উদ্ধার করে।

পরে এনসিপির কার্যালয়ে গিয়ে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, বিকেএমইএ’র সভাপতিকে তিনি ফ্যাসিস্ট বলেছেন এবং তিনি যৌক্তিক মন্তব্য করেছেন। বিকেএমইএ’র সভাপতি জুলাই অভ্যুত্থানকে ‘তাণ্ডব’ বলেছেন দাবি করে তাকে ক্ষমা চাইতে বলেন আব্দুল্লাহ আল আমিন। তা না হলে সাধারণ ছাত্র-জনতা ফ্যাসিস্টদের আবারো প্রতিহত করতে রাজপথে নামবে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “ইফতার মাহফিলে বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সংসদ সদস্যকে ঘেরাও করে। এসময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলি। রাত ৮টার দিকে সংসদ সদস্য আল আমিনকে আমরা উদ্ধার করি।”