সারা বাংলা

শুধু দেশীয় পর্যটকের ওপর নির্ভর করলে প্রত্যাশিত অগ্রগতি সম্ভব নয়: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, “শুধু দেশীয় পর্যটকের ওপর নির্ভর করলে প্রত্যাশিত অগ্রগতি সম্ভব নয়। বিদেশি পর্যটক আকৃষ্ট করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতি ও পার্বত্য অঞ্চলের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”  

বুধবার (৪ মার্চ) সকালে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

দীপেন দেওয়ান বলেন, “এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করা হবে। পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, নিরাপত্তা জোরদার এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, “তারেক সাহেব বলেছেন, আমরা এখন ক্ষমতায়- এর মানে হলো আমরা এখন জনগণের সেবক। আমাদের দায়িত্ব বেড়েছে। দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। সেটি আমাদের দলের হলেও বরদাস্ত করা হবে না।”

এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, ভূমি সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। মন্ত্রী প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।