সারা বাংলা

নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, অভিযুক্ত গ্রেপ্তার

নদী থেকে পানি আনতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এশার উদ্দিন প্রামানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার করতোয়া নদীর খেয়া ঘাটে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গ্রেপ্তার এশার উদ্দিন প্রামাণিক উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের ছেলে এবং শ্রীফলতলা খেয়াঘাটে নৌকার মাঝি।

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে পানি আনতে যান। সেখান থেকে ফেরার পথে খেয়া ঘাটের মাঝি এশার উদ্দিন প্রামাণিক গলায় চাকু ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পাশাপাশি মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরিবারের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এক গৃহবধূ নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি এশার উদ্দিনকে গ্রেপ্তার করেছে। এশার উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।