সারা বাংলা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস রাতইল ইটভাটা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে।

স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গতিরোধক দেওয়া হয়েছে। এর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।