পাবনায় হেরোইন বিক্রির দায়ে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনার স্পেশাল ও জেলা জজ আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুজন হোসেন পাবনা সদর উপজেলার লস্করপুর দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
সরকার পক্ষের আইনজীবী পিপি রাজিউর রহমান রঞ্জু এ তথ্য জানিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ২০২২ সালের ২৪ জুলাই সদর উপজেলার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পুরিয়া (৬৫ গ্রাম) হেরোইনসহ মাদক কারবারি সুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তানভীর বাদী হয়ে পাবনা সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে। এ মামলায় আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মামলায় সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন কামরুল হাসান।