সারা বাংলা

গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মাহাতাব উদ্দিন মিধা বলেন, “অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন অচল অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”