সারা বাংলা

‘আমার মাসুম বাচ্চা‌কে দুধ খাওয়া থে‌কেও তোমরা ব‌ঞ্চিত করেছ’ 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও শিক্ষার্থীরা। 

কর্মসূচিতে চার সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বলেন, “আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ।”

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহত শিক্ষিকার স্বজন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এ সময় সন্তানদের বুকে জড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান ইমতিয়াজ সুলতান। তাঁদের চার সন্তান তাইবা (৯), তাবাসসুম (৭), সাজিদ (৫) ও ১২ মাস বয়সী আয়েশাকে আনা হয়। 

নিহত শিক্ষিকার স্বামী ইম‌তিয়াজ সুলতান ব‌লেন, “কীভা‌বে রোজার দি‌নে ইফতা‌রির আগে নৃশংসভা‌বে রুনা‌কে হত‌্যা কর‌তে পার‌লে? তোমরা কেউ তাঁর সঙ্গে ভা‌লো আচরণ কর‌তে না। আমা‌কে ফোন ক‌রে সে জানা‌ত। দিনের পর দিন টর্চার ক‌রে‌ছ তোমরা।’ 

এ সময় মামলার আসামি‌ সহকারী রে‌জিস্ট্রার বিশ্ব‌জিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ‌্যাপক শ‌্যাম সুন্দর সরকার ও হা‌বিবুর রহমান‌কে ধিক্কার জানিয়ে ইম‌তিয়াজ ব‌লেন, “আমার মাসুম বাচ্চা‌কে দুধ খাওয়া থে‌কেও তোমরা ব‌ঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়া‌রে ব‌সে এক‌ দিনও শা‌ন্তি পায়নি। অথচ ফজলু (কর্মচারী) যে ফোন ব‌্যবহার ক‌রে, সেটাও আমি কি‌নে দি‌য়ে‌ছি।” 

মানববন্ধ‌নে নিহত শি‌ক্ষিকার বাবা শ ম আশিকুল হকসহ পরিবারের অন‌্য সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধন থে‌কে দ্রুত আসামি‌দের গ্রেপ্তার ক‌রে শা‌স্তির দাবি জানানো হয়।