সারা বাংলা

সরকার সংস্কারের বিপক্ষে গেলে এনসিপি মেনে নেবে না: নাহিদ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীয় দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “সরকার জুলাই সনদের সাথে প্রতারণা করছে। তারা জুলাই সনদকে আদালতে নিয়ে বৈধতা প্রশ্নবিদ্ধ করছে। তারা জুলাই সনদ নিয়ে আদালতে চাপ সৃষ্টি করছে। সরকার সংস্কারের বিপক্ষে দাঁড়ালে এনসিপি তা মেনে নেবে না। ১২ তারিখে সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ হবে, সেই সাথে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সিদ্ধান্ত নিতে হবে।” 

শনিবার (৭ মার্চ) এনসিপির ফরিদপুর বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আবার ফ্যাসিস্টদের চেহারা দেখাতে শুরু করেছে। আমরা বলতে চাই, যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তি দোষ করে না থাকলে তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। কিন্তু, শুধু ভোটের জন্য তাদেরকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে, একদিন তারাই এ সরকারের পতন ঘটাবে। সেদিন বেশি দূরে নয়।” 

জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর কমিটির আয়োজনে বিভাগীয় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের এমপি ইলিয়াস মোল্লা, মাওলানা আকরাম আলী, আবদুর তাওয়াবসহ জেলা এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।