সারা বাংলা

লক্ষ্মীপুরে স্ত্রীকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, স্বামী থানায়

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর ওপর স্বামীর অমানবিক নির্যাতন চালানোর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

সম্প্রতি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সোহাগ মাঝি। তিনি একই এলাকার জব্বার মাঝির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সোহাগ মাঝি পারিবারিক কলহের জেরে তার স্ত্রী সুমি আক্তারকে মারধর করেন। নির্যাতনের ঘটনাটি তাদের ঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি প্রশাসনের নজরে এলে সোহাগ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশের হেফাজতে সোহাগ মাঝি ও তার স্ত্রী জানান, ঘটনাটি কয়েকদিন আগের এবং তা পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে। তাদের দাবি, পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিবেশী গফুর মোল্লার হাতে সিসিটিভি ফুটেজটি গেলে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোহাগ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি আগেই পারিবারিকভাবে সমাধান হয়েছে। যদি ভুক্তভোগী স্ত্রীর পক্ষে অভিযোগ করা হয়, আমরা তা গ্রহণ করব”