পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, এক শিশু পানিতে পড়ে এবং আরেকজন ট্রেনের ধাক্কায় মারা গেছেন।
পুলিশ জানায়, রবিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে ১৩ মাস বয়সী শিশু তালহা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির আঙিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়।
স্বজনেরা তালহাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে চাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তালহা উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।”
এদিকে, একই দিন ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে বড়ালব্রিজ স্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি বলেন, “এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”