সারা বাংলা

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এই অভিযানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে এত বড় সমন্বিত অভিযান দেখা যায়নি। 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) রাসেল মাহমুদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (৯ মার্চ) ভোরে জঙ্গল সলিমপুরের সব প্রবেশপথ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে সদস্যরা ভেতরের এলাকায় প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রায় ৮০০ সদস্য এবং রেঞ্জ পুলিশের প্রায় ৭০০ সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও যৌথভাবে অভিযানে যুক্ত আছেন। এর আগে, ভোর ৪টার দিকে নগরীর আগ্রাবাদ ছোটপুল পুলিশ লাইন্স থেকে বড় একটি পুলিশ দল জঙ্গল সলিমপুরের উদ্দেশে রওনা দেয়।

গত ১৯ জানুয়ারি একই এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে হামলার মুখে পড়ে র‍্যাবের একটি দল। লাঠিসোঁটা নিয়ে কয়েকশ মানুষ র‍্যাবের গাড়ি ঘিরে ফেলে এবং বাহিনীটির সদস্যদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। হামলার এক পর্যায়ে কয়েকজন র‍্যাব সদস্যকে মারধর করা হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলায় র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। আহত হন তিন সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় ৪০০ থেকে ৫০০ জন অংশ নেয়। সেই ঘটনার পর সন্ত্রাসীদের গ্রেপ্তারে বড় অভিযানের ঘোষণা দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে বড় কোনো অভিযান পরিচালিত হয়নি। বর্তমান এই সাঁড়াশি অভিযানকে সেই ঘটনার পর সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।