সারা বাংলা

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার ফতেপুর ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নাফ সদর উপজেলার কামদেবপুর গ্রামের আসাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মান্নাফ তার মেয়ে ও নাতনিদের নিয়ে মোটরসাইকেলযোগে মেয়ের শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল মান্নাফ ঘটনাস্থলেই নিহত এবং তিনজন গুরুতর আহত হন।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “নিহতের লাশ উদ্ধার কের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”