কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ সব স্থাপনা, ঝুপড়ি ও দোকান এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সৈকতকে শৃঙ্খলার মধ্যে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সরকারের দায়িত্ব। এখানে ঝুপড়ি বা পলিথিন দোকান স্থাপন করা যাবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরো বলেন, সৈকতকে পর্যটকবান্ধব ও নিরাপদ রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত অভিযান চালাবে। তিনি আশা করেন, উচ্ছেদ অভিযান সমাপ্ত হলে কক্সবাজার সমুদ্র সৈকত আরো পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়াও কক্সবাজার পুরোশহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এ সময় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।