সারা বাংলা

বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে

বগুড়ার শাজাহানপুরে বিএনপি নেতার দায়ের করা মামলায় সাবেক ওসি আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু হেনা সিদ্দিক এ আদেশ দেন। 

আলমগীর হোসেন বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন৷ এখন তিনি অবসরে আছেন। 

আদালত সূত্রে জানা গেছে, শাজাহানপুরের খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল ২০২৫ সালে আদালতে সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি মামলায় আলমগীরের নামে সমন জারি করেন আদালত। সেই সমন অনুযায়ী আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু, জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ফজলুল হক উজ্জ্বলের গাড়ি ধাওয়া করে আটক করেন শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন। এর পর থানায় নিয়ে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে উজ্জ্বলের স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই পরিমাণ টাকা দেওয়া হলেও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে গত বছরে ফজলুল হক উজ্জ্বল আদালতে চাঁদা দাবির অভিযোগে সাবেক ওসির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বগুড়া কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম বলেছেন, গত বছর সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধর আদালতে ৩২৫ ধারায় এটি একটি মামলা হয়েছিল। সেই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।