সারা বাংলা

জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন দেশ বিনির্মাণে এগিয়ে যাব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। আমরা আজকে ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব।’’ 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।

নাহিদ ইসলাম আরো বলেন, ‘‘আজকে যে নির্বাচিত সরকার এসেছে। এই সরকার হাওয়া থেকে আসেনি। এই সরকার নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি। সেই সরকার একটি অন্তর্বর্তী সরকার কর্তৃক আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। তাদের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। যে জুলাই সনদ আদেশ হয়েছে, সেই আদেশ যেন নির্বাচিত সরকার ভুলে না যায়।’’ 

তিনি আরো বলেন, ‘‘জাতীয় সংসদকে আবারো যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়; সেটা জুলাই গণঅভ্যুত্থান, নির্বাচন, অন্তর্বর্তী সরকার— সবকিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে, হাজারও মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’’

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।