সারা বাংলা

আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে সিয়াম মোল্যা নামে এক কলেজছাত্রকে চার বন্ধু মিলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, আইফোন ও টাকার লোভে সিয়ামকে হত্যা করা হতে পারে।

সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার হয়।

নিহত সিয়াম একই গ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে। তিনি মুকসুদপুর কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আটককৃতরা হলেন- ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার মিয়া ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৭ মার্চ কলেজছাত্র সিয়াম নিখোঁজ হয়। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে পচা দুর্গন্ধ আসতে থাকে। পরে পুলিশ গিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, সিয়ামের কাছে আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা দিয়ে মাদক জোগাড় করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার চার বন্ধু। সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যার পর কচুরিপানার নিচে তার মরদেহ গুম করে রাখে বন্ধুরা। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে। অন্য দুইজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।