সারা বাংলা

গুড়ে পোকা কিলবিল করছিল, মামলা দায়ের

শরীয়তপুর শহরের তিনটি সুপারশপে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অসঙ্গতি পাওয়া গেলে দুটি সুপারশপের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শহরের সুপারশপ স্বপ্ন, আল-আকসা সুপারমার্কেট ও তামিম ফ্যামিলি ফুড সেন্টারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাভলী শীল এবং সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

এ সময় মাদারীপুর র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। সুপারশপগুলোতে বিভিন্ন অনুমোদনহীন রঙ ও ক্ষতিকর হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব পাওয়া যায়।

তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠানের গুড়ে অসংখ্য পোকা ছিল। পরে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শহরের তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ সময় আল-আকসা সুপারমার্কেট নামে একটি সুপারশপের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও অসংখ্য পোকা পাওয়া যায়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ফুড কালারের নামে ক্ষতিকর রঙ, অনুমোদনহীন ভেজাল মরিচের গুড়া ও ভেজাল তালমিশ্রি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। 

সুপারশপ স্বপ্নতে অনুমোদনহীন ফুড কালার পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। 

এছাড়া তামিম ফ্যামিলি ফুড সেন্টারের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও কিছু খাদ্যে রঙের অস্তিত্ব পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।