গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি মোবাইল ও মোবাইল এক্সেসরিজের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মোবাইল ফোন, এক্সেসরিজ ও আসবাবপত্র পুড়ে কোটি টাকার ক্ষয় হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বুধবার (১১ মার্চ) ভোর ৬ টার দিকে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত শাম্মী টেলিকম নামে দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকান মালিক মো. শাহজাহান স্বপন বলেন, “আমার দোকানের মোবাইল, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ভোরের দিকে আগুন লাগার কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায়।”
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।