বগুড়ার শাহজাহানপুর উপজেলায় চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে আলুর বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এক কৃষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন। অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী। তিনি উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগকারী মেহেদী হাবীব আব্বাসী জানান, গত ৮ মার্চ সন্ধ্যায় তিনি আলু হিমাগারে নেওয়ার পথে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আইয়ুব আলী, কামরুল হাসান মোমিনসহ কয়েকজন তার ট্রাক আটকে চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলাম বলেন, চাঁদা না পেয়ে ওই কৃষককে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা পালিয়ে যায়।
খোঁজ নিয়ে গেছে, আলু বোঝাই ট্রাক কিংবা ট্রাকে আলু লোড করলে, এমনকি জমিতে বস্তায় আলু ভরার সময় সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবক দলের পরিচয় দেওয়া কয়েকজন যুবক। পরে ট্রাক আটকে চাঁদা দাবি করা হয়। এরপর বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দিয়ে তবে রেহাই মেলে।
অভিযোগ অস্বীকার করে আইয়ুব আলী বলেন, তিনি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
শাহজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এক কৃষক কয়েকজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।