সারা বাংলা

জেলের জালে উঠে এল দুই বস্তা সরকারি ওষুধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলের জালে দুই বস্তা সরকারি ওষুধ উঠে এসেছে। খবর পেয়ে পুলিশ বস্তা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জেলেরা সকালে ব্রহ্মপুত্র নদে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল তোলার সময় মুখ বাধা দুটি বড় পাটের বস্তা দেখতে পান তারা। বস্তায় মরদেহ থাকতে পারে—এমন ভয়ে গফরগাঁও থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে বস্তার মুখ খুলে ভেতরে সরকারি ওষুধ পাওয়া যায়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, “বস্তাভর্তি ঔষধগুলো ২০২৩ সালের। সে সময় কেউ নদীতে ফেলে থাকতে পারেন। ওষুধের প্যাকেট পচনশীল না হওয়ায় এবং বস্তাভর্তি থাকায় নদীর নিচে অক্ষত অবস্থায় রয়ে গেছে।”

তিনি আরো বলেন, “উদ্ধারকৃত ওষুধগুলোর বিষয়ে থানা পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে।”

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”