সারা বাংলা

ময়মনসিংহে বাসচাপায় ইউপি সচিব নিহত

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় আব্দুল মান্নান তালুকদার (৪৫) নামে এক ইউপি সচিব নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি একই ইউনিয়নে বারইপাড়া এলাকার মুত মমতাজ তালুকাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলযোগে বিসকা ইউনিয়ন পরিষদে আসছিলেন আব্দুল মান্নান। মধুপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আব্দুল মান্নান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ওসি (তদন্ত) বারেক মিয়া বলেন, “এ ঘটনায় নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”