সারা বাংলা

নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি 

নড়াইলে মাহে রজমান উপলক্ষে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি করছে নড়াইল প্রাণিসম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে আগামী সোমবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে ডিম ও মাংস বিক্রি করা হবে। 

প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসিংকৃত বয়লার মুরগির মাংস প্রতিকেজি ২৪৫ টাকা ও প্রতি পিচ মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি করা হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু প্রমুখ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে বিক্রি করা হবে। 

ক্রেতাদের হাতে সুলভ মূল্যে মাংস ও ডিম তুলে দেওয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।