বদলির আদেশ জারির পর দীর্ঘ সাড়ে ৩ মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে নতুন কর্মস্থলে যোগ দেননি শিবগঞ্জ উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ১০৪ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
উদ্ভূত পরিস্থিতিতে ওই কর্মকর্তাকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, ওয়াহিদুজ্জামান এর আগে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় কর্মরত ছিলেন। গত বছরের ২৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।
শিবগঞ্জ উপজেলায় বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির তদারকি থমকে আছে। বিশেষ করে, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্যক্রম এবং নারীদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা যাচাই ও অনুমোদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাবে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অধিদপ্তরের চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই পত্র প্রাপ্তির তিনি কর্মদিবসের মধ্যে তাকে অবশ্যই শিবগঞ্জে যোগদান করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশের অনুলিপি পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।