ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে সংঘর্ষে জড়ান তারা।
স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে চরগোলকনগর গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা সালিশে বসেন।
এরই এক পর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এতে অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ জানান, তুচ্ছ ঘটনায় দুপক্ষের মধ্যে ঘটনাটি ঘটে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”