সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার দায়ে হাফিজুল ইসলাম নামে এক ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে চালানো অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল।
অভিযুক্ত হাফিজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে চাল মজুত করার অপরাধে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, “অবৈধভাবে বসতঘরে চাল মজুত করার অপরাধে ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিসহ সরকারের সব সামাজিক নিরাপত্তা কর্মসূচি মনিটরিং করা হবে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।”