সারা বাংলা

সময়মতো অফিসে না এলে ব্যবস্থা, কর্মকর্তাদের কড়া বার্তা ত্রাণমন্ত্রীর

সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে সময়ানুবর্তিতা নিশ্চিত করার কড়া বার্তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

তিনি বলেছেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। যদি কেউ এতে অবহেলা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

শুক্রবার (১৩ র্মাচ) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অগ্রগতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিএনপির নির্বাচনি ইশতেহারের ওপর আস্থা রেখে জনগণ যে বিপুল ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

আধুনিক ও আলোকিত লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, “বন্ধ থাকা বিমানবন্দরটি দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা হয়েছে এবং তাকে জেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।” এছাড়া, জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা শিগগিরই সফর করবেন বলে তিনি জানান। 

পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতির কথা তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন।

এর আগে সভায় ত্রাণমন্ত্রী সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খনন ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

এদিকে, সকালে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি কর্তৃপক্ষকে মাত্র ছয় ঘণ্টার আলটিমেটাম দেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় লালমনিরহাট বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন আসাদুল হাবিব দুলু। মন্ত্রীর এই পরিদর্শনের পর দীর্ঘদিনের বন্ধ বিমানবন্দরটি পুনরায় সচল হওয়া নিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।