আর মাত্র পাঁচ-ছয় দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে ঈদযাত্রা শুরু হয়েছে। তবে, সামনের কয়েক দিনে সড়কে বাড়বে যানবাহনের চাপ। দেশের অন্যতম ব্যস্ত সড়কপথ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ অংশে কমপক্ষে ১৫টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। এসব পয়েন্ট যানজটমুক্ত করতে না পারলে ভোগান্তি বাড়বে ঘরমুখো যাত্রীদের।
ময়মনসিংহ নগরীর পাট গুদাম ব্রিজ মোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়, চুরখাই, বৈলর, ত্রিশাল বাসস্ট্যান্ড, ভরাডোবা, ভালুকা বাসস্ট্যান্ড, স্কয়ার মাস্টারবাড়ি প্রভৃতি স্থানে যানজটের আশঙ্কা আছে।
খানা-খন্দসহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা থাকায় এই এলাকাগুলোতে যানজটের আশঙ্কা করছেন পরিবহনের চালকরা। ঈদের আগে রাস্তার দুই পাশে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি তিন চাকার বাহন চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।
এনা পরিবহনের বাসচালক সবুজ মিয়া বলেছেন, “ঈদ ছাড়াই দিঘারকান্দা বাইপাস মোড়, ভালুকা এবং স্কয়ার মাস্টারবাড়িতে যানযট হয়। ঈদে সড়কে যানবাহন বেড়ে যায়। এসব স্থানের চারপাশে অবৈধ স্থাপনা আছে, এগুলো উচ্ছেদ না করলে এই ঈদে ভোগান্তির মধ্যে পড়তে হবে।”
সৌখিন পরিবহনের লিটন মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে পরিবহনের সঙ্গে জড়িত আছি। অভিজ্ঞতা বলে, এবারও যানজট হবে। এর কারণ হলো মহাসড়কে অতিরিক্ত গাড়ি এবং তিন চাকার পরিবহন। প্রত্যেক ঈদে রাস্তায় অনুমোদনহীন গাড়ির সংখ্যা বেড়ে যায়। প্রশাসনকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে।”
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ বলেছেন, “ময়মনসিংহ বিভাগসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ এই ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করে থাকেন। এই অঞ্চলের অনেক মানুষ জীবিকার তাগিদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কাজ করেন। ঈদে তারা নিজ নিজ বাড়িতে ফেরেন। ফলে, যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। এই ঘরমুখো মানুষকে একটু স্বস্তি দিতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। সড়কে পুলিশের সরব উপস্থিতি, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি জানাচ্ছি।”
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের দুই পাশে অবৈধ বাজার উচ্ছেদের কথা জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেছেন, “এবার ময়মনসিংহের সব রাস্তা এখন পর্যন্ত চলাচলের উপযোগী আছে। কোথাও রাস্তার ক্ষয়ক্ষতি হলে মোবাইল টিম আছে, তারা সাথে সাথে মেরামত করবে। আশা করা হচ্ছে, রাস্তার কারণে কোথাও যানজট হবে না।”
মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “ভোগান্তি কমাতে হলে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। যেসব পয়েন্টে যানজট হওয়ার আশঙ্কা আছে, সেসব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।”