সারা বাংলা

সোনারগাঁয়ে ৪৬ মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর সোনারগাঁও উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সুষ্ঠু ও সঠিকভাবে এ সব খেজুর বণ্টন করেন। 

এ সময় সংসদ সদস্য উপজেলার ৪৬টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে খেজুর তুলে দেন। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানের ইফতারে এই খেজুর খেতে পারবে।

এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘‘পবিত্র রমজানের বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।’’ তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।