হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর ব্যবসায়ী আব্দুল জলিলের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে নদীর কোটবাড়ী এলাকায় তার লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। নিহত আব্দুল জলিল উপজেলার ক্ষেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় স্থানীয় আমুরোড বাজার থেকে গরু নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন আব্দুল জলিল। পথে কোটবাড়ী এলাকায় খোয়াই নদী পার হওয়ার সময় তিনি গরুসহ নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে ওই দিন রাত থেকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের পর দিন শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোয়াই নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে নদীর গভীরতা ও স্রোতের কারণে তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার বিকেলে দুর্ঘটনাস্থলের অদূরে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।