সারা বাংলা

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার নূরনবীর মৃত্যু, মুখ দেখতে চায় পরিবার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাদেগাংনই গ্রামের আব্দুস সামাদের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে তার ছোট ছেলে নূরনবী সরকার (২৭) পাড়ি জমিয়েছিলেন মালদ্বীপে। কথা ছিল পরিবারের সঙ্গে এবার দেশে কোরবানি ঈদ করবেন। তবে, তার আর ফেরা হলো না। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে শ্রমিক কোয়ার্টারে লাগা আগুনে মারা গেছেন এই যুবক। শুধু তিনি নন, ওই ঘটনায় আরো চার বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) নূরনবীর বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর পাওয়ার পর ভেঙে পড়েছেন তার মা-বাবা ও বোনেরা। 

নূরনবীর বাবা আব্দুস সামাদ বলেন, “আগামী কোরবানির ঈদে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা ছিল ছেলের। সেই স্বপ্ন আর পূরণ হলো না।” 

মালদ্বীপে মারা যাওয়া নূরনবীর গ্রামের বাড়ি

তিনি বলেন, “ছেলের লাশ কবে দেশে আনা হবে তা এখনো আমরা জানি না। আমার ছেলের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়। অন্তত শেষবারের মতো ওর মুখটা দেখতে চাই।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”