বিয়ের কিছুদিন পর সুনামগঞ্জ শহরের জামাইপাড়ায় চাচার বাড়িতে বেড়াতে এসে জয়া দাস নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাসা থেকে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বের হাওয়ার পর থেকে তিনি নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ জয়া দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের (২৬) স্ত্রী।
পুলিশ জানায়, ১১ দিন আগে জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের হেমেন্দ্র তালুকদারের ছেলে চয়ন তালুকদার ও একই উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় স্বামীকে নিয়ে চাচার বাড়িতে বেড়াতে যান জয়া দাস।
সেখান থেকে আপন ভাইয়ের সঙ্গে দেখা করবেন বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জডি) করেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে নিখোঁজ নববধূর স্বামী চয়ন তালুকদারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
রবিবার (১৫ মার্চ) সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “আমরা একজন নববধূ নিখোঁজের খবর পেয়েছি। কেউ যদি এই নববধূকে দেখে থাকেন তাহলে তথ্য দিয়ে সহায়তা করবেন এমনটি প্রত্যাশা করছি।”
তিনি বলেন, “নিখোঁজ নববধূকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তার লাস্ট লোকেশন জেলার ছাতকে নির্ণয় করতে পেরেছিলাম। পরবর্তীতে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”