সারা বাংলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন তিনি। এ সময় খালপাড়ে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে দেশের ৫৪টি স্থানে এ কর্মসূচি শুরু হচ্ছে। এই প্রকল্প জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

এর আগে, খাল খনন প্রকল্প উদ্বোধন করতে সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সকাল ১০টা ২০ মিনিটে বুলেটপ্রুফ বাসে করে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে একনজর দেখতে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন উপলক্ষে কাহারোল উপজেলার বলরামপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী খাল সমূহ শ্রমিকদের মাধ্যমে খনন করা হবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মাধ্যমে কর্মমুখী মানুষের শহরমুখী হওয়া রোধ হবে এবং উত্তরাঞ্চল মরুকরণ থেকে রক্ষা পাবে।” 

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, খাল খনন উদ্বোধন শেষে বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল ৫টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।